বাচ্চাদের “তুমি ও এরোপ্লেন উড়াতে পারবে” ভার্চুয়াল সেমিনার
শনিবার (২১ আগস্ট) স্পেস ইনোভেশন ক্যাম্প এর উদ্যোগে অনুষ্ঠিত হলো “তুমি ও এরোপ্লেন উড়াতে পারবে” শীর্ষক ভার্চুয়াল সেমিনার।
বিমান এর বিভিন্ন অংশের পরিচিতি, একটি বিমান কিভাবে ল্যান্ডিং এবং টেক-অফ করে, রাতের আধারে বিমানে কিভাবে আকাশে উড়ে, নেভিগেশন সিস্টেম কিভাবে কাজ করে, কিভাবে দিক বদলায়, কিভাবে একজন পাইলট প্রাকৃতিক দুর্যোগে বিমানকে কন্ট্রোল করে থাকে, পাইলট এবং ইঞ্জিনিয়ার হতে গেলে প্রস্তুতি কেমন দরকার এই সমস্ত বিষয়বস্তু নিয়ে আলোচনা হয় সেমিনারটিতে।
আয়োজক সূত্রে জানা যায়, সারা বাংলাদেশ থেকে ৪-১২ বছর বয়সি প্রায় ১০০ জন অংশগ্রহনকারীকে অংশগ্রহন এর সুযোগ দেয়া হয়।
প্রধান বক্তা হিসেবে ছিলেন, ইঞ্জিনিয়ার মলয় কান্তী বালা, এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইন্সট্রাক্টর, এভিয়েশন অস্ট্রেলিয়া রিয়াদ কলেজ। তিনি বলেন সেমিনার চলাকালীন পুরো সময়টা আমাকে অত্যন্ত আনন্দ দেয় শিশু-কিশোরদের আগ্রহ দেখে। আমার বিশ্বাস আমরা যদি তাদেরকে সঠিক দিক-নির্দেশনা প্রদান করতে পারি তাহলে আজকের শিশু-কিশোররাই আগামী দিনে এই সেক্টরে নিজেদের ক্যারিয়ার গড়তে পারবে।
স্পেস ইনোভেশন ক্যাম্প এর ক্রু চীফ আরিফুল হাসান অপু বলেন, “বর্তমান করোনা পরিস্থিতিতে শিশু-কিশোররা বাইরে বের হতে পারছে না তাই ঘরে বসে বিভিন্ন এক্টিভিটির মাধ্যমে যেন তারা ইনোভেটিভ কিছু শিখতে পারে তার জন্যেই আমাদের এই আয়োজন” ।
আয়োজনটি পরিচালনা করেন, বাংলাদেশ ইনোভেশন ফোরাম এর পরিচালক জনাব মাহমুদ মুসা এবং সার্বিক সহযোগিতায় ছিলেন এভিয়েশন চ্যালেঞ্জ বাংলাদেশ।